লকডাউন শিথিল করে ভয়ংকর অবস্থা তৈরি করেছে সরকার : বিএনপি
প্রচ্ছদ » Uncategorized » লকডাউন শিথিল করে ভয়ংকর অবস্থা তৈরি করেছে সরকার : বিএনপি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের মহাবিপর্যয়ের মধ্যে লকডাউন শিথিল করে সরকার দেশে ভয়ংকর অবস্থা তৈরি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। বিএনপির করোনা পর্যবেক্ষণ সেল থেকে পাওয়া সবশেষ তথ্য তুলে ধরার জন্য এ সংবাদ সম্মেলন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনার সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। সরকার করোনা মোকাবিলায় সবদিক থেকে ব্যর্থ। সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেটর ব্যবস্থা অপ্রতুল। ৯০ ভাগ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই। হাসাপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। নিম্নমানের মাস্ক সরবরাহ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিপদে ফেলে দিয়েছে সরকার। এখন তারা রোগীদের চিকিৎসা দিতে ভয় পাচ্ছে।’
তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সাধারণ মানুষ, সাংবাদিক, চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লকডাউন শিথিল করে দেশকে ভয়ংকর বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে সরকার। দাম্ভিকতা ছাড়া তাদের আর কিছুই নেই। প্রতিটি ক্ষেত্রে তাদের অদূরদর্শিতা, সমন্বয়হীনতা, উদাসীনতা ও একগুয়েমি মনোভাব প্রকাশ পেয়েছে। সুতরাং করোনায় মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সমন্বয়হীনতা ও উদাসীনতায় এখন প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্তান্ত ও মৃত্যুর সংখ্যা। মানুষের জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছে সরকার। চীনে যখন করোনা মহামারি শুরু হয়, তখন সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। তখন থেকে তারা যথাযথ পদক্ষেপ নিলে আজ লাশের সারি দীর্ঘ হতো না। জনগণের কাছে জবাবদিহি না থাকায় সরকার এমন আচরণ করেছে। মানুষকে বাঁচাতে কোনো ব্যবস্থা নেয়নি তারা। জনগণের ভোটে নির্বাচিত হলে তাদের বাঁচানোর ব্যবস্থা নিত সরকার।’
কোভিড-১৯ এ মৃত্যুবরণ করা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, ব্যাংকার, পেশাজীবী, শ্রমজীবী মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব।








