লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী : প্রধানমন্ত্রী
প্রচ্ছদ » Uncategorized » লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী : প্রধানমন্ত্রীপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী। সিয়াম সাধনার মাসের এ রাতে মানবজাতির পথ-নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতে মুক্তির পথ দেখায়।
রোববার (৯ মে) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি বলেন, মহান আল্লাহতা’য়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। আসুন, আমরা সকলে মহিমান্বিত রজনীতে মহান আল্লাহতা’য়ালার দরবারে বিশেষভাবে ইবাদত ও দোয়া-প্রার্থনা করি, যেন আল্লাহ বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, পবিত্র রজনীতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম-জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ মে , ২০২১।








