সংসদ সদস্য মাসুদা রশিদ চৌধুরী মারা গেছেন
প্রচ্ছদ » Uncategorized » সংসদ সদস্য মাসুদা রশিদ চৌধুরী মারা গেছেনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জাপা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তার জানাজার নামাজ বাদ আসর কাকরাইলাস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অনুরূপ এক শোকবার্তায় মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২১।








