সিএসই-সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৩ সাংবাদিক
প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » সিএসই-সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৩ সাংবাদিক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার বিষয়ক রির্পোটিংয়ে পেশাগত কাজের স্বীকৃতি হিসাবে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক। এরা হলেন- প্রিন্ট মিডিয়ায় দৈনিক শেয়ার বিজের স্টাফ রিপোর্টার নিয়াজ মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়ায় বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ এবং অনলাইন ক্যাটাগরিতে বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম।
পুঁজিবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রথমবারের মতো যৌথভাবে এ পুরস্কার দিয়েছে। পুরস্কারের নাম সিএসই-সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৭।
আজ শনিবার চট্টগ্রামে সিএসইর পুঁজিবাজার মেলার সমাপনী দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, ক্রেস্ট এবং নগদ অর্থ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, বিএসইসির কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার এবং সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, এখানকার সাংবাদিকরা আগের চেয়ে প্রশিক্ষিত। তারা কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিভিন্ন প্রতিবেদন করে। এর মাধ্যমে পুঁজিবাজার উপকৃত হয়। আগামী দিনে বিশ্লেষণ ও অনুসন্ধান মূলক প্রতিবেদন করার আহবান জানান তিনি।
সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল বলেন, বলা হয়ে থাকে সাংবাদপত্র হলো সামাজিক দর্পণ। কখনো কখনো এই সাংবাদিকরাই সমাজের কিছু লোকের চোখের কাঁটা হয়ে যায়। যদি কারো বিরুদ্ধে কোনো সংবাদ প্রচারিত হয়।
তিনি বলেন, সাংবাদিকতা হল এক ধরণের ‘থ্যাংকলেস জব’। এই পুঁজিবাজারের রিপোর্টারদের সম্মানিত করায় সিএসইকে ধন্যবাদ জানান তিনি।
এবারের ইভেন্টে তিন ক্যাটাগরি মোট ২০জন রিপোর্টার প্রতিযোগিতার জন্য রিপোর্ট জমা দিয়েছিলেন। এর মধ্যে প্রিন্ট মিডিয়ায় ১১টি, অনলাইন ৬টি এবং টেলিভিশন ক্যাটাগরিতে ৩টি। গত ১৮ থেকে ২১ জানুয়ারি সময়ের মধ্যে পুরস্কারের জন্য রিপোর্ট জমা নেওয়া হয়।
সম্মানিত বিচারক মণ্ডলি হিসাবে ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবু আহমেদ এবং দ্য ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্লানিং এডিটর আসজাদুল কিবরিয়া।








