সিলেটে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
প্রচ্ছদ » Uncategorized » সিলেটে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজওয়ান আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গাড়ির আগুন নেভাতে গিয়ে রেজওয়ানের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আসামপাড়া বাজারের আলাল মিয়ার গাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণের পূর্বে গ্যারেজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রেজওয়ান আহমদ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২ নং লক্ষ্মীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গ্যারেজে থাকা একটি প্রবক্স মডেলের প্রাইভেটকারে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন গ্যাস সিলিন্ডারে চলে যায়। তাৎক্ষণিক গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকা রেজওয়ান আহমদ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ইসমাইল হোসেন নামে একজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। পরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন মারা যায়। ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।








