সুহৃদের সব পরিচালকদের পদত্যাগ পত্র জমা
প্রচ্ছদ » Uncategorized » সুহৃদের সব পরিচালকদের পদত্যাগ পত্র জমাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালকরা। এ লক্ষ্যে গত ৩ আগস্ট, মঙ্গলবার কোম্পানির বোর্ড সভায় সব পরিচালক তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কারণে সুহৃদ ইন্ডাস্ট্রিজের উৎপাদন নেই। তাই কোম্পানিটিকে বাঁচাতে এর ব্যবস্থাপনার দায়িত্ব নিতে রাজি হয়েছে ইউরোদেশ গ্রুপের প্রতিষ্ঠান ইউরোদেশ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিবর্তনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদনের লক্ষ্যে আয়োজিত ইজিএমের এজেন্ডায় বলা হয়েছিল, কোম্পানিটির বর্তমান ৩জন শেয়ারধারী পরিচালক এবং ২ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ অনুমোদন করা হবে। তার জায়গায় ৩জন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি কোম্পানিটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ অনুমোদন করা হবে। এছাড়া কোম্পানিটির সংঘ স্মারক বিধি পরিবর্তনের অনুমোদন নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা।
প্রাপ্ত তথ্য মতে, প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অর্থে কারখানা সম্প্রসারণের পর গ্যাস-বিদ্যুত্ সংকটে দুই বছরেও উত্পাদন শুরু করতে পারেনি সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধারাবাহিক লোকসানের কারণে লভ্যাংশ প্রদান ও বার্ষিক সাধারণ সভা (এজিম) আয়োজন নিয়েও দীর্ঘ সংকটে পড়ে কোম্পানিটি। পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কোম্পানি পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অভিযোগও করেছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে সুহূদ ইন্ডাস্ট্রিজের ১১১তম পর্ষদ সভায় নতুন ব্যবস্থাপনার অধীনে পরিচালনা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তবে কোম্পানির শেয়ার বিভাজনে কোনো পরিবর্তন আসবে না। বর্তমান পরিচালকরা শুধু শেয়ারহোল্ডার হিসেবে সুহূদ ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত থাকবেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে ইউরোদেশ গ্রুপ কোম্পানিটির বিদ্যমান সমস্যা সমাধান করে শিগগিরই উত্পাদনে ফিরতে পারবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সুহৃদ ইন্ডাস্ট্রিজের গাজীপুর কোনাবাড়িতে স্থাপিত কারখানায় আমদানি বিকল্প ফার্মা গ্রেড পিভিসি শিট, প্লাস্টিক ডিসপোজিবল প্রডাক্ট ও পিভিসি পাইপ উৎপাদন করা হতো। তবে কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে উত্পাদন না থাকায় কারখানার মূল্যবান মেশিনারিজ নষ্ট হতে বসেছে। ২০১৩-১৪ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি এক দশমিক ৬৪ টাকা মুনাফা করলেও ২০১৪-১৫ অর্থবছরে দশমিক ৩ টাকা লোকসান করেছে। এ লোকসানের পরিমাণ বেড়ে ২০১৫-১৬ অর্থবছরে হয়েছে দশমিক ৪ টাকা।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সুহৃদ ইন্ডাষ্ট্রিজ। কোম্পানিটির ৯০.৬০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে। আর উদ্যোক্তা ও পরিচালকের কাছে রয়েছে ৯.৪০ শতাংশ শেয়ার। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫২ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা।








