স্থানীয় শিল্পের সুরক্ষায় কাজ করবে ট্যারিফ কমিশন
প্রচ্ছদ » রাজনীতি » স্থানীয় শিল্পের সুরক্ষায় কাজ করবে ট্যারিফ কমিশন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। বেসরকারি খাত, বিশেষ করে স্থানীয় শিল্পের বিকাশে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আগামি দিনে আরও ব্যাপকভাবে কাজ করবে সংস্থাটি।
গত শনিবার ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জহিরউদ্দীন আহমেদ এনডিসি। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে রাজধানীর শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জহিরউদ্দীন আহমেদ এনডিসি এতে প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ট্যারিফ কমিশনের সদস্য ড. মোস্তফা আবিদ খান।
সেমিনারে সভাপতিত্ব করেন আইসিএসবির সাবেক সভাপতি মোহাম্মদ আসাদ উল্লাহ এলএলএম এফসিএস। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. ফিরোজ ইকবাল ফারুক।
সেমিনারে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জহিরউদ্দীন আহমেদ বলেন, একটি সময় ছিল, যখন বাংলাদেশের কোনো পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে অন্যায্য ‘এন্টি-ডাম্পিং’ ট্যাক্স এর শিকার হলেও সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা ওই খাতকে সরাসরি কোনো সহযোগিতা করা যেত না। একইভাবে বাংলাদেশের বাজারে কোনো দেশ কোনো পণ্য ডাম্পিং (উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্য অথবা নিজ দেশের বিক্রয় মূল্যের চেয়ে কম দামে বিক্রি করা) করলেও ব্যবস্থা নেওয়া যেত না। কিন্তু বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এখন এইসব বিষয়ে ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সরকার ও বেসরকারি খাতকে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, অর্থনীতির দিক থেকে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। এক্ষেত্রে বড় ভুমিকা পালন করেছে দেশের বেসরকারি ক্ষাত। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে সরকার ও বেসরকারি খাতগুলোকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।
চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ নিয়ে তিনি বলেন, তাদের মধ্যে সত্যিকার অর্থে কোন যুদ্ধই হবে না। তারা বিশ্বের বাণিজ্য বাজারকে নিয়ন্ত্রন করার জন্য অন্যান্য দেশগুলোকে দমিয়ে রাখার জন্য এসব কাজ করছে। আসলে কিছুই না।
গত বছর আমাদের দেশ থেকে ৪১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। উন্নত দেশের কাতারে যেতে এর পরিমাণ আরও বাড়াতে হবে। এজন্য সবার আগে আমাদের কর্মদক্ষতা বাড়াতে হবে।
সেমিনারে স্বাগত ব্ক্তব্য দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্যারিফ কমিশনের কার্যক্রম সম্পর্কিত জ্ঞান আইসিএসবি সদস্যদের দেশের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে উৎসাহিত করবে এবং সর্বোপরি বাংলাদেশকে এসডিজি অর্জনে সহায়তা করবে। বাংলাদেশ তার ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশ্বব্যাপী উচ্চ স্থান অধিকার করেছে। আইসিএসবি ও বিটিটিসির কর্মকর্তাদের মধ্যে নলেজ শেয়ার বা জ্ঞানের আদান-প্রদানের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।








