হেফাজতের হামলায় সিরাজদিখানের ওসি গুরুতর আহত
প্রচ্ছদ » Uncategorized » হেফাজতের হামলায় সিরাজদিখানের ওসি গুরুতর আহতপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন (৫২) হেফাজতে ইসলামের সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
হেফাজতের হরতাল চলাকালে রোববার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে হকিস্টিক দিয়ে ওসির মাথায় আঘাত করে হরতাল সমর্থকরা। এতে তিনি মারাত্মক আহত হন।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, আমরা (পুলিশ সদস্যরা) রাস্তায় অবস্থান করছিলাম। শুলপুর এলাকায় গেলে হেফাজতের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা হকিস্টিক দিয়ে ওসি স্যারের মাথায় বাড়ি দিলে তিনি (ওসি) গুরুতর আহত হন। পরে আমরা স্যারকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি এখনও অচেতন অবস্থায় আছেন। তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঢাকা রেঞ্জ অফিস থেকে পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন ঢাকা মেডিকেলে এসেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, হেফাজতে ইসলামের লোকজনের হকিস্টিকের আঘাতে সিরাজদিখানের ওসি গুরুতর আহত হয়ে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এখনও কিছু বলা যাচ্ছে না।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মার্চ, ২০২১।








