২০৩০ সালে ২৫তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ
প্রচ্ছদ » Uncategorized » ২০৩০ সালে ২৫তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশনিজস্ব প্রতিবেদক : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২৫তম অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
তিনি বলেন, আমাদের দেশের মানুষ অনেক বেশি প্ররিশ্রমী এবং বুদ্ধিদীপ্ত। তারাই একদিন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসএফ-এর উন্নয়ন মেলা-২০১৭-এর চতুর্থ দিনে ‘বাংলাদেশ ইকোনোমি অ্যান ওভারভিউ’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনৈতিক অগ্রগতিতে অনেক ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ থাকবে- এগুলোকে মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ২০৩০ সালে চীন এবং ভারত হবে যথাক্রমে বিশ্বের এক ও তিন নম্বর অর্থনীতির দেশ। তাই বাংলাদেশকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়।
সেমিনারে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।
সেমিনারে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ডিস্টিংগুইশ্ড ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন নির্দেশক তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন ৩৫তম অর্থনীতির দেশ যা আমাদের জন্য একটি মাইলফলক।
তিনি বলেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৯৮ শতাংশ; দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন স্বাস্থ্যসেবা পাচ্ছে; তৈরি পোশাকখাত শিল্পে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়; এমন আরও বহু সাফল্য আমাদেরকে আশান্বিত করে তুলছে।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী।
তিনি বলেন, আমাদের অর্থনৈতিক বড় শক্তি হচ্ছে আমাদের যুবশক্তি। এই যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। আমাদের দেশে মধ্যবিত্ত শ্রেণীও আরেকটি বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে।








