৩০ শতাংশ শেয়ারধারণ পূর্ণ করলো বারাকা পাওয়ার
প্রচ্ছদ » Uncategorized » ৩০ শতাংশ শেয়ারধারণ পূর্ণ করলো বারাকা পাওয়ারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যেই ৩০ শতাংশ শেয়ারধারণ সম্পন্ন করেছে। বারাকা পাওয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) দেশের উভয় শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের অন্যতম প্রতিষ্ঠান।
বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২১ মে এক সার্কুলারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সকল পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) এককভাবে ২ শতাংশ ও সম্মিলিতভাবে পরিচালনা পর্ষদের কাছে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা হয়। সার্কুলার জারির দিন থেকে 6০ কার্যদিবস সময় দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বারাকা পাওয়ার এটি পরিপালন করতে সক্ষম হয়েছে।
সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালকদের হাতে সর্বমোট ১৮.০১ শতাংশ শেয়ার ছিল। রোববার ২৫ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই ব্যবধানটি পূরণ করতে বোর্ডে নতুন করে পাঁচ জন পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিচালনা পর্ষদের নতুন সদস্যদের মধ্যে চার জন পরিচালককে ৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার মনোনীত করেছেন এবং ১ একজন স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। নতুন বোর্ড সদস্যদের অন্তর্ভুক্ত করার পর বারাকা পাওয়ারের পরিচালকদের মোট শেয়ারহোল্ডিং ৩১.০৩ শতাংশে দাঁড়িয়েছে।
রেমিট্যান্স আহরণকারী অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) একটি গ্রুপ ও স্থানীয় উদ্যোক্তাদের যৌথ সহযোগিতায় বারাকা পাওয়ার ২৬ জুন ২০০৭ তারিখে গঠন করা হয়েছিল। ১২ জানুয়ারী ২০১৫ তারিখে কোম্পানীটির নাম ‘বারাকাতউল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেড’ থেকে পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বারাকা পাওয়ার লিমিটেড’। কোম্পানির ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। ১৬ মে ২০১১ তারিখে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সিলেটের ৫১ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়াও বারাকা পাওয়ারের মালিকানাধীন আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড (বিপিপিএল) এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত একটি ৫০ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র; কর্নফুলী পাওয়ার লিমিটেড (কেপিএল) চট্টগ্রামের পটিয়ায় একটি ১১০ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড (বিএসপিএল) চট্টগ্রামের পটিয়ায় একটি ১০৫ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
বর্তমানে বারাকা পাওয়ার লিমিটেড বিপিপিএলের ৫১ শতাংশ মালিক এবং সরাসরি বিনিয়োগ ও ক্রস হোল্ডিংয়ের মাধ্যমে কোম্পানির কেপিএলে ৫১.০১ শতাংশ এবং বিএসপিএলে ৪৬.০১ শতাংশ মালিকানা রয়েছে। সুতরাং, বিপিএল, কেপিএল এবং বিএসপিএল বাস্তবায়নের সাথে সাথে, বারাকা পাওয়ার লিমিটেড মোট ১৮০.৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় পৌচেছে।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ-প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। ইতিমধ্যে তাদের রোড শো সম্পন্ন করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ অক্টোবর , ২০২০।








