৫ আগস্ট কপারটেকের লেনদেন শুরু
প্রচ্ছদ » Uncategorized » ৫ আগস্ট কপারটেকের লেনদেন শুরু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আগামী ৫ আগস্ট সোমবার থেকে কপারটেক ইন্ডাষ্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হবে। এদিন ‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করবে কপারটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বরে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে কপারটেক ইন্ডাস্ট্রিজকে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় বিএসইসি। বিএসইসির অনুমোদন নিয়ে ইতিমধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে প্রাথমিক গণ প্রস্তাবের আবেদন গ্রহণ করছে কোম্পানিটি। চলতি বছরের ৩১ মার্চ থেকে শুরু হয় এ কোম্পানির আইপিও আবেদন। যা চলে ৯ এপ্রিল পর্যন্ত। আর এপ্রিল মাসের ৩০ তারিখ কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।
আইপিও’র টাকা থেকে ব্যাংক ঋণ পরিশোধে ৬ কোটি ৫০ লাখ টাকা, প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় স্থাপনে ৬ কোটি ৫০ লাখ টাকা এবং ভবন ও সিভলি ওয়ার্কে খরচ হবে ৫ কোটি ৫০ লাখ টাকা। আইপিও ফান্ড পাওয়ার ১২ মাসের মধ্যে প্রজেক্টের কাজ শেষ করা হবে। আর আইপিও বাবদ খরচ হিসাব করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।
৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষা হিসাবে, কোম্পানিটি ৫২ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ২৪২ টাকার পণ্য বিক্রি করে কর পরিশোধের পর প্রকৃত মুনাফা করেছে ৪ কোটি ১০ লাখ ১৭ হাজার টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৮৮ টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা হিসাব করে। এই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ১২.০৬ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিভি ক্যাপিটাল লিমিটেড।








