জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছাল
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর গুলশান থানায় করা মানি লন্ডারিং মামলায় জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১০ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ সোমবার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।
এর আগে আসামি জিকে শামীমকে আদালতে হাজির করা হয়। তবে অন্য আসামিদের আদালতে হাজির করতে না পারায় আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেন।
অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন খারিজ করে দেন।
মামলার অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
এর আগে, গত ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে আদালতে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ নামে লাইসেন্স করা অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন।
একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। ওই ঘটনায় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে র্যাব।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২রা নভেম্বর, ২০২০।








