বাবা গ্রেফতারের খবরে ভেঙে গেল মেয়ের বিয়ে
প্রচ্ছদ » Uncategorized » বাবা গ্রেফতারের খবরে ভেঙে গেল মেয়ের বিয়ে
নাটোর প্রতিনিধি: নাটোরে ইয়াবাসহ বাবা গ্রেফতার হওয়ার খবরে ভেঙে গেছে মেয়ের বিয়ে। নাটোরের লালপুর উপজেলার জোকাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল জোকাদহ গ্রামের মেহের আলীর (৩৫) মেয়ে মৃদুলার।
গতকাল বুধবার রাতে ১৬০০ পিস ইয়াবাসহ মেহের আলীকে গ্রেফতার করে পুলিশ। এ খবর শুনে মৃদুলাকে বিয়ে করতে অসম্মতি জানায় বরপক্ষের লোকজন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ভাদুর বটতলা মোড়ে অভিযান চালিয়ে মেহের আলীর যাত্রীবিহীন রিকশা থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটিতে ছোট ছোট পাইপের ভেতর থেকে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযোগে মেহের আলীকে গ্রেফতার করে মামলা দায়েরের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। তবে আজ মেহের আলীর মেয়ের বিয়ে দিন ছিল কিনা বিষয়টি তার জানা নেই বলে জানান ওসি।








