জাল সনদে বরখাস্ত জেনিথ ইসলামী লাইফের এসইডি মর্তূজা
প্রচ্ছদ » আর্ন্তজাতিক » জাল সনদে বরখাস্ত জেনিথ ইসলামী লাইফের এসইডি মর্তূজা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে চাকরি নেয়ার অভিযোগে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক বা এসইডি (পিআরটি) মো. গোলাম মর্তূজাকে (জিএম সজল) সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরজ্জামান বলেন, গোলাম মর্তূজা আমাদের অফিসে কাজ করেছেন। তার দাখিল করা শিক্ষাগত যোগ্যতার সব সনদ আমরা অনলাইনে যাচাই করেছি, সবই জাল বলে প্রমাণিত হয়েছে। তাছাড়া তিনি কোম্পানির ব্যবসা ও সংগঠন সম্প্রসারণে কোনো ভূমিকা পালন করছেন না। এ জন্য আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি এবং ব্যাখ্যার চেয়ে নোটিশ দিয়েছি।
জেনিথ ইসলামী লাইফের পত্রে উল্লেখ করা হয়েছে, মো. গোলাম মর্তূজা (জিএম সজল) ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (পিআরটি) পদে ২০১৩ সালের ১ নভেম্বর নিয়োগপত্র গ্রহণ করেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে সাময়িকভাবে সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন। বর্তমানে ব্যবসা ও সংগঠন সম্প্রসারণে কোনো ভূমিকা রাখছেন না এবং প্রধান কার্যালয়ের সঙ্গে কোনো যোগাযোগও করছেন না।
বীমা কোম্পানিটি থেকে গত ৪ জুন ইস্যু করা ‘জেডআইএলআইএল/প্রকা/উপ্র/২০১৮/-০২১২’ পত্রে আরও বলা হয়েছে, অত্র কোম্পানিতে জমাকৃত ব্যক্তিগত নথি পর্যালোচনা করে দেখা যায়, গোলাম মর্তূজার শিক্ষাগত যোগ্যতার সব সনদ জাল বলে প্রতীয়মান হয়, যা ফৌজদারি অপরাধ।’
এমতাবস্থায় মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ নেয়ায়, নিয়োগপত্রের ১২ নং অনুচ্ছেদ অনুযায়ী অত্র কোম্পানির চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো, যা পত্র ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে। কেন অত্র কোম্পানির চাকরি হতে চূড়ান্ত বরখাস্ত করা হবে না এ মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে গোলাম মর্তূজাকে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বীমা কোম্পানির ওই পত্রে আরও বলা হয়েছে, ভবিষ্যতে গোলাম মর্তূজার বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে তার দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে। একইসঙ্গে কোম্পানির সম্পদ যেমন- রেট চার্ট, পলিসি দলিল (যদি থাকে) প্রধান কার্যালয়ের ‘উন্নয়ন প্রশাসন’ বিভাগে জমা দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়।








