মার্ক বিডির যুক্তিতর্ক উপস্থাপন: রায়ের দিন ধার্য হয়নি
প্রচ্ছদ » Uncategorized » মার্ক বিডির যুক্তিতর্ক উপস্থাপন: রায়ের দিন ধার্য হয়নি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির শেয়ার কেলেঙ্কারী মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। তবে রায়ের দিন ধার্য হয়নি।
মঙ্গলবার পল্টনের পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে আইনজীবী মাসুদ রানা খান এ যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এর আগে গত ৬ জুন সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে বিচারক মামলাটির বাদিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১২ জুন দিন ধার্য করেন।
এই মামলায় বুয়েটের অধ্যাপক ড. মাহমুদ হেলালী, অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল হক, বিএসইসির নির্বাহি পরিচালক এটিএম তারিকুজ্জামান, নির্বাহি পরিচালক ফরহাদ আহমেদ, উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসান ও সাবেক উপ-পরিচালক শুভ্রকান্তি চৌধুরী সাক্ষ্য দিয়েছেন।
এ মামলার আসামিরা হলেন- মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার। আসামীরা শুরু থেকেই পলাতক রয়েছেন। যাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি গ্রেফতারের আদেশ দেন বিচারক আকবর আলী শেখ।
উল্লেখ, ১৯৯৯ সালে শেয়ার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিটিসহ ৪ জনকে আসামি করে মামলা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে প্রতিষ্ঠানটির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেন মামলা দায়ের করেন। সিকিউরিটিজ অধ্যাদেশ এর ২৫ ধারা অনুযায়ী এ মামলা করা হয়। সিএমএম আদালতের ১৩৬৪/২০০০ নম্বরের মামলাটি ট্রাইবুন্যালে হয়েছে ৩/১৬ নং।








