পুরান ঢাকায় কড়া নিরাপত্তা, জায়গায় জায়গায় তল্লাশি
প্রচ্ছদ » Uncategorized » পুরান ঢাকায় কড়া নিরাপত্তা, জায়গায় জায়গায় তল্লাশি
নিজস্ব প্রতিবেদক: নাজিমুদ্দিন রোডের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বিশেষ আদালতের শুনানিকে কেন্দ্র করে পুরান ঢাকা জুড়ে অবস্থান নিয়েছে পুলিশ। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে এখানে।
শুনানিকে কেন্দ্র করে পুরাতন কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও কারারক্ষীরা। বন্ধ রাখা হয়েছে কারাগারসংলগ্ন ৪ টি সড়ক। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের একটি পানিভর্তি গাড়ি। শুধু এই আদালত নয়; খালেদার বিচার হওয়া আলিয়া মাদরাসার বিশেষ আদালতেও নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সরেজমিনে কারাগার এলাকায় গিয়ে দেখা যায়, এদিন শুনানিকে কেন্দ্র করে কারাগারের চারপাশ দিয়ে যানচলাচল বন্ধ রেখেছে পুলিশ। পায়ে হেঁটে লোকজন চলাচল করতে পারছে, তবে যারা এই সড়কের ভেতর দিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকের দেহ এবং ব্যাগ তল্লাশি করা হচ্ছে। কারারক্ষীরা কারাগারের মূল ফটকের বাইরে সশস্ত্র অবস্থান নিয়েছেন।
এছাড়াও পুরান ঢাকা প্রবেশের মুখ চানখারপুল ও বকশীবাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ও কাঁটাতারের ব্যারিকেড রাখা হয়েছে।
পুলিশের চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘কারাগারকেন্দ্রিক প্রতিদিনই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে। তবে বিশেষ আদালতের কারণে সকাল থেকে এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আদালত চলাকালীন এই বাড়তি নিরাপত্তা বলবৎ থাকবে।








