হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আপিল
প্রচ্ছদ » Uncategorized » হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আপিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ড স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদন করা হয়।
এর আগে গত ৩০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিচারিক আদালতে দেয়া ৫ বছরের সাজা থেকে বাড়িয়ে ১০ বছর করে রায় ঘোষণা করেন।
২৯ অক্টোবর রাষ্ট্র, দুদক ও আসামিপক্ষের শুনানি শেষ করা হয়। পরে মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
দুর্নীতির আরেক মামলায় (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই মামলার দণ্ড থেকে খালাস চেয়ে (১৮ নভেম্বর) আপিল করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ রায় দেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।








