নিউ লাইন ক্লোথিংসের আইপিও অনুমোদন
প্রচ্ছদ » Uncategorized » নিউ লাইন ক্লোথিংসের আইপিও অনুমোদন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য নিউ লাইন ক্লথিংস লিমিটেডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার বিএসইসির ৬৬৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেয়া হয়।
তথ্যমতে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা এবং সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২০ টাকা ৫২ পয়সা।
বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে।








