এনার্জিসের বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব পারচেজ কমিটির পরবর্তী বৈঠকে
প্রচ্ছদ » Uncategorized » এনার্জিসের বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব পারচেজ কমিটির পরবর্তী বৈঠকে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির আজকের বৈঠকে উঠছে না এক্সেল ইনফ্রাস্ট্রাকচার ও এনার্জিস পাওয়ার করপোরেশনের কনসোর্টিয়ামের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব। পারচেজ কমিটির পরবর্তী বৈঠকে তা উপস্থাপন করা হতে পারে। বিদ্যুৎ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, বিদ্যুৎ সচিব দেশের বাইরে থাকায় বিদ্যুৎ বিভাগ পারচেজ কমিটির আজকের বৈঠকে আলোচিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব এজেন্ডাভুক্ত না করার অনুরোধ জানালে তার প্রেক্ষিতে প্রস্তাব দুটি প্রত্যাহার করা হয়। বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস সরকারি সফরে বর্তমানে নেপালে আছেন।
সূত্র আরও জানিয়েছে, পারচেজ কমিটির পরবর্তী বৈঠকে প্রস্তাব দুটি উপস্থাপন করা হতে পারে।
এনার্জিসের বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাবটি অবশ্য পারচেজ কমিটির আগের বৈঠকেই উপস্থাপন করার কথা ছিল। সেবারও বিদ্যুৎ সচিব বিদেশ সফরে থাকায় শেষ মুহূর্তে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
উল্লেখ, এক্সেল ইনফ্রাস্ট্রাকচার ও এনার্জিস পাওয়ার করপোরেশনের কনসোর্টিয়াম দুই বছর আগে নিলামে অংশ নিয়ে বাগেরহাটে ১১৫ মেগাওয়াট এবং শান্তাহারে আরও একটি ১১৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়। এই কনসোর্টিয়াম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে ৭ টাকা ৭৯ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করার প্রস্তাব দেয়, যা নিলামে অংশগ্রহণকারী সবগুলোর প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন। এর প্রেক্ষিতে বিপিডিবি ২০১৬ সালের ৯ নভেম্বর এই কনসোর্টিয়ামকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সম্মতি চেয়ে বিদ্যুৎ বিভাগে চিঠি পাঠায়। কিন্তু কারিগরি সমস্যা দেখিয়ে এলওআই ইস্যু ও কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির বিষয়টি প্রলম্বিত করা হলে কোম্পানিটি আদালতের শরনাপন্ন হয়। সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিলাত বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে গত ৮ নভেম্বর বিপিডিবি বিদ্যুৎ বিভাগকে মতামত দেয়, আদালতের নির্দেশনা অনুসারে কনসোর্টিয়ামের চুক্তি করা সঙ্গত। এর প্রেক্ষিতে বিদ্যুৎকেন্দ্র দুটির প্রস্তাব ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে উপস্থাপনের জন্য এজেন্ডাভুক্ত করা হয়। কিন্তু বিদ্যুৎ সচিব দেশে না থাকায় পর পর দুটি বৈঠকের এজেন্ডা থেকে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়।
আলোচিত দুটি বিদ্যুৎ কেন্দ্রই হচ্ছে আইপিপি। এগুলোর মেয়াদ ১৫ বছর। কেন্দ্র দুটি ফার্নেস অয়েলে পরিচালিত হবে।
আলোচিত কনসোর্টিয়ামের অংশীদার এনার্জিস পাওয়ার করপোরেশন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেডের সহযোগী কোম্পানি।








