আবরার নিহতের ঘটনায় মামলা
প্রচ্ছদ » Uncategorized » আবরার নিহতের ঘটনায় মামলা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। তার চাচা বাদী হয়ে মঙ্গলবার রাতেই মামলাটি করেছেন বলে জানান ডিএমপি গুলশান জোনের সিনিয়র সহকারী কমিশনার রফিকুল ইসলাম।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বিইউপিতে ক্লাস ছিল আবরারের। ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তিনি। ক্লাসে যাওয়ার জন্য সকাল সাড়ে সাতটার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। তিনি বাসের চাকায় পিষ্ট হন। পরে তাঁর লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করেন আবরারের সহপাঠী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন। সহপাঠীরা কিছুতেই ভাবতে পারছেন না, কিছুক্ষণ আগেও প্রাণোচ্ছল ছিল যে মানুষটি, তিনি আর নেই। পরে প্রগতি সরণির দুই পাশে সড়ক অবরোধ করে বিইউপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে যানবাহন ভাঙচুরের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের দাবি দোষী বাসচালকের শাস্তি। নিরাপদ সড়কের দাবিতে স্লোগানও দিচ্ছেন তাঁরা।
জানা যায়, খুব শান্ত ও অমায়িক স্বভাবের ছিলেন আবরার। কারও সঙ্গে কখনো মনোমালিন্য হতো না তাঁর। সহপাঠীদের সবার সঙ্গেই ভালো বন্ধুত্ব ছিল তাঁর। যেমন পড়াশোনায়, তেমনি আচার-আচরণে।








