আইডিএলসির ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
প্রচ্ছদ » Uncategorized » আইডিএলসির ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের প্রস্তাবনা অনুযায়ী ২০১৮ অর্থবছরে প্রতিষ্ঠানের সকল শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়। কোম্পানিটির ৩৪ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়।
গত বৃহস্পতিবার ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এজিএম অনুষ্ঠিত হয়।
সভায় উল্লেখ করা হয়, বাংলাদেশের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অগ্রণী প্রতিষ্ঠান আইডিএলসি, প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ২০১৮ সালে এর স্থিতিশীল অবস্থান ধরে রখেছে। ২০১৮ সালের শেষে আইডিএলসি গ্রুপের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৩৯৩ কোটি টাকায় যা গত বছরের চাইতে ১৭ দশমিক ৩৯ শতাংশ বেশি এবং মন্দ ঋণরে হার ২ দশমিক ৭৭ শতাংশ থেকে কমে ২ দশমিক ২০ শতাংশ হয়েছে যা একটি উন্নত ঋণসম্পদের প্রতিফলন।
২০১৮ সালে পুঁজিবাজার ভিত্তিক আর্থিক অঙ্গ প্রতিষ্ঠানগুলোর (আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড) মুনাফা হ্রাস পাওয়া সত্ত্বেও বছর শেষে গ্রুপের বিগত পাঁচ বছরের ট্যাক্স পরবর্তী গড় নীট মুনাফা ২৬ দশমিক ৫৩ শতাংশ এ বহাল রয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি বাজার পরিস্থিতি বিবেচনা করে সামগ্রিকভাবে আইডিএলসি উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে।
বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ। সভায় আরও অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মনোয়ার উদ্দিন আহমেদ ও অন্যান্য সম্মানিত পরিচালক – মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মাহিয়া জুনায়েদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. কামরুল হাসান, নিয়াজ হাবিব (স্বতন্ত্র পরিচালক), মতিউল ইসলাম নওশাদ (স্বতন্ত্র পরিচালক), প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, এবং কোম্পানি সচিব মোহাম্মদ জোবাইর রহমান খান । এছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।








