পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের নিলাম অর্থাৎ বিডিং শুরু হতে পারে। এই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
বিদ্যুৎ খাতের কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। গত ৬ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। বিএইসির ৭৩৪তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
নিলামে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানইক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি যে দামে শেষ হবে, সেটি হবে শেয়ার মূল্যের প্রান্ত সীমা (Cut-off price)। এই মূল্যের চেয়ে ১০ শতাংশ কম দামে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতে হবে।
তথ্য মতে, পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। আর সংগৃহীত টাকা কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫ টাকা ১৫ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০ টাকা ২০ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৩ পয়সা। বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ২ টাকা ২১ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ সেপ্টেম্বর , ২০২০।








