কালোটাকা সাদা করার সুযোগ : টিআইবির ক্ষোভ

প্রচ্ছদ » Uncategorized » কালোটাকা সাদা করার সুযোগ : টিআইবির ক্ষোভ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : প্রস্তাবনায় না থাকার পরেও অপ্রদর্শিত অর্থের মোড়কে কালোটাকা সাদা করার ঢালাও সুযোগ বহাল করে অর্থবিল ২০২১ পাসের তীব্র ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (৩০ জুন) এ বিষয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিতে পাঠায় টিআইবি।

এতে বলা হয়, নগদ টাকা থেকে শুরু করে সঞ্চয়পত্র, ব্যাংকে রাখা টাকা, প্লট ও ফ্ল্যাট কিংবা নতুন বিনিয়োগের জন্য দেয়া সুযোগটিতে তথাকথিত বাড়তি কর ও নামমাত্র জরিমানা দেয়ার বিধান করা হলেও, চূড়ান্ত বিচারে এটি দুর্নীতিবাজ ও এর পৃষ্ঠপোষকদের মাল্যদানসম উপহার হিসেবে বিবেচনা করছে টিআইবি। বিনা প্রশ্নে দেওয়া এ সুযোগ কালোটাকার মালিকদের আরও অবৈধ অর্থ উপার্জনের আইনগত গ্যারান্টি হয়ে উঠতে যাচ্ছে। যেটি যেকোনো বিচারে নৈতিকতাবিরোধী, দুর্নীতি সহায়ক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী।

বাজেট ঘোষণায় কোনো ধরনের উল্লেখ না থাকার পরও কীভাবে তা পুনরায় অর্থবিলে যুক্ত হলো? সে বিষয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কালোটাকা সাদা করার সুযোগ রাখা নিয়ে সরকার এবার রীতিমতো অশুভ চালাকির আশ্রয় নিয়েছে, কারণ ন্যায্যতা ও ন্যায়নিষ্ঠতার নামে অর্থমন্ত্রী যে বিষয়টি প্রথমে বিবেচনা করেননি, তা কোন নৈতিকতার বিচারে চূড়ান্তভাবে রেখে দিলেন, সে ব্যাখ্যা তিনি অর্থবিল পাসের সময়ও দেননি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এক্ষেত্রে বিতর্ক ও সমালোচনা এড়াতেই সুযোগটি প্রাথমিকভাবে বাজেটে কোথাও রাখা হয়নি, যদিও এ বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় শুরু থেকেই ছিল। এটি শুধু বাজেট প্রক্রিয়ার স্বচ্ছতাকেই প্রশ্নের মুখে ফেলেনি বরং সরকারের মাঝে জবাবদিহির সংস্কৃতি ক্রমেই বিলুপ্ত হওয়ার ইঙ্গিতও বহন করে। সরকারের এই পদক্ষেপ প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতার’ অঙ্গীকারকে পদদলিত করছে।’

পাস হওয়া অর্থবিলে তালিকাভুক্ত শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিটসহ পুঁজিবাজারের বিনিয়োগ, নগদ টাকা, ব্যাংক ডিপোজিটের মাধ্যমে কালোটাকা সাদা করতে ২৫ শতাংশ হারে কর এবং মোট করের ওপর ৫ শতাংশ জরিমানার বিধান রাখা হয়েছে। চলতি অর্থবছরে এই হার ছিল ১০ শতাংশ।

এছাড়া, অঞ্চলভেদে জায়গা অনুপাতে নির্দিষ্ট পরিমাণ কর ও জরিমানা দিয়ে জমি, ভবন, অ্যাপার্টমেন্ট কিনেও কালোটাকা সাদা করার সুযোগ থাকছে।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘কর ও জরিমানা ধার্য করে সরকার যে বার্তাই দিতে চাক না কেন, এর ফলে যে অনৈতিকতা ও দুর্বৃত্তায়নের সুযোগ বর্ধিত মাত্রায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করল, তার বিনিময় মূল্য কোনোভাবেই তুলনীয় হতে পারে না। এতে সাময়িকভাবে কিঞ্চিৎ বেশি কর পাওয়ার সুযোগ তৈরি হলেও, এর বিপরীতে দুর্নীতিগ্রস্ত স্বার্থান্বেষী শক্তির কাছে সরকারের যে নৈতিক পরাজয় ঘটল, তা সত্যিই শঙ্কিত হবার মতো। সরকারের এই অবস্থান বৈষম্যমূলক, দুর্নীতি সহায়ক ও সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যা কখনো কাম্য হতে পারে না।’

নতুন শিল্পকারখানা স্থাপনে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রাখা প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে এমন সুযোগ আগে থেকে রাখা হলেও এর মাধ্যমে কত অর্থ বিনিয়োগ হয়েছে কিংবা আদৌও হয়েছে কি-না তার কোনো হিসাব সরকার কখনো প্রকাশ করেনি। সরকার একদিকে কালোটাকার মালিকদের নতুন করে কালোটাকা তৈরির আইনি গ্যারান্টি দিচ্ছে আর অন্যদিকে সৎ নাগরিকদের প্রলোভিত করছে দুর্নীতিতে নিমজ্জিত হতে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১