ফেনসিডিলসহ পুলিশের দুই কনস্টেবল গ্রেফতার
প্রচ্ছদ » Uncategorized » ফেনসিডিলসহ পুলিশের দুই কনস্টেবল গ্রেফতারনিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ১৫ বোতল ফেনসিডিলসহ দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাইকান্দি এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জিয়াউর রহমান ও নাজিম উদ্দিন। তারা জেলা পুলিশ লাইনে কর্মরত। এনিয়ে বিকেলে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি।
বিজিবির সোনাইকান্দি ক্যাম্পের সদস্য হাবিলদার শফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে মোটরসাইকেল আরোহী ওই দুজন সোনাইকান্দি এলাকার বেড়ি বাঁধ হয়ে রাজশাহী শহরের দিকে ফিরছিলেন। এ সময় বিজিবির একটি টহল দল তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বেরিয়ে যাবার চেষ্টাও করেন তারা। পরে পবা থানায় খবর দেয় বিজিবি। সেখান থেকে পুলিশ এসে আটকদের থানায় নেয়।
পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় দুপুরের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজিবি মামলা দায়ের করেছে। এ মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে বিভাগীয় ব্যবস্থাও নিচ্ছে পুলিশ।








