উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

প্রচ্ছদ » Uncategorized » উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

ড. এ কে আব্দুল মোমেন:
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ‘সোনার বাংলা প্রতিষ্ঠা’; সোনার বাংলা হবে এমন একটি দেশ, যেখানে ধনী-দরিদ্রের আকাশসম ফারাক থাকবে না, সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত হবে, সবার জন্য উন্নয়নের দ্বার উন্মুক্ত থাকবে এবং শোষণমুক্ত, উন্নত, সমৃদ্ধিশালী, অসাম্প্রদায়িক ও স্থিতিশীল অর্থনীতি গড়ে উঠবে। কিন্তু বঙ্গবন্ধু তার স্বপ্ন বাস্তবায়ন করার আগেই দুষ্কৃতকারীদের হাতে জীবন দেন। সেই সঙ্গে তার অনবদ্য অবদান একটি স্বাধীন সার্বভৌম দেশ— বাংলাদেশ থেকে তার সব কীর্তি-কাহিনী, তার সব অবদান নিশ্চিহ্ন করার সব রকমের অপচেষ্টা চালানো হয়। ইতিহাসের বিকৃতি ঘটানো হয় এবং বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিধাদ্বন্দ্বের রাজনীতিতে চুপসে যায়। বঙ্গবন্ধুর সমর্থকরা যে যেখানে পারেন, পালিয়ে গিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন এবং যারা স্বদেশে ছিলেন, তাদের অনেকেই বিভিন্ন দলে হিজরত করেন। এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং নির্জীবপ্রায় দল গঠনে আত্মনিয়োগ করেন। তার প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়। দলচ্যুতদের অনেকেই ধীরে ধীরে দলে ফিরে আসতে থাকেন।

শেখ হাসিনা ঐক্যের প্রতীক। দলের দলাদলি এবং বহুধাবিভক্তি অনৈক্য তার আগমনে আস্তে আস্তে বিদূরিত হয়। প্রধানমন্ত্রীর পদটি যথেষ্ট অলঙ্কার ও সম্মানের। তবে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার অন্যতম শ্রেষ্ঠ পরিচয় হলো, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঔরসজাত কন্যা। তাদের বাবা আমাদের একটি স্বাধীন দেশ— বাংলাদেশ দিয়ে গেছেন। তারা আমাদের আত্মপরিচয়, গৌরবের অংশীদার। তিনি শুধু একটি স্বাধীন ভূমিখণ্ড দিয়েই থামেননি, এ দেশকে অতি অল্পদিনের মধ্যেই বিদেশী সেনাবাহিনী মুক্ত করেন, প্রায় ৭৬টি দেশের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করেন এবং অতি অল্প সময়ের মধ্যেই জাতিকে একটি উন্নত ও শক্তিশালী শাসনতন্ত্রও দিয়ে যান। তাছাড়া বিশ্বের সব বড় আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি ও সদস্যপদ, এমনকি জাতিসংঘের সদস্যপদও অর্জন করে দিয়ে যান। একটি জাতির জন্য যা যা করা দরকার, তা করে গেছেন বলেই তিনি যথার্থই জাতির পিতা।

তাছাড়া বঙ্গবন্ধুর আরেকটি শ্রেষ্ঠ অবদান হচ্ছে, তার ‘সোনার বাংলার স্বপ্ন’। তিনি শুধু নিজেই সোনার বাংলার স্বপ্ন দেখেননি, তার সেই স্বপ্ন আপামর জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে যান। সেই সঙ্গে দেশবাসীর কাছে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যান; তার সেই সোনার বাংলার স্বপ্ন অর্জনের লক্ষ্য আজ দেশবাসীর।

শেখ হাসিনা সত্যিই গরিবের বন্ধু। শেখ হাসিনার কারণে কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। ভুখা-নাঙ্গা মানুষ এখন আর না খেয়ে মরে না। উত্তরবঙ্গের ‘মঙ্গা’ এখন আর মানুষের অমঙ্গল নিয়ে আসে না। মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র ভিখারির বেশে দিনযাপন করতে হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপে যেখানে ১১ লাখ টন খাদ্যশস্য উত্পাদন হতো, তা এখন সাড়ে তিন গুণ বেড়ে গিয়ে প্রায় ৩৮ লাখ টন উত্পাদিত হয়। এবং এর ফলে দেশের দারিদ্র্যসীমার নিচে যে প্রায় ৫৮ শতাংশ লোক জীবনযাপন করত, তা এখন কমে গিয়ে ২২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্বের জন্য এটি অবিশ্বাস্য অর্জন। পৃথিবীর মধ্যে দুটো দেশে দরিদ্রের সংখ্যা সবচেয়ে বেশি কমেছে এবং এর মধ্যে প্রথম হচ্ছে গণচীন এবং দ্বিতীয়ত. বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটি একটি বিশেষ অর্জন এজন্য যে, দেশটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্বিতীয়ত. প্রাকৃতিক দুর্যোগে এর অবস্থান সবচেয়ে সংকটময়। এমন প্রতিকূল পরিবেশে বাংলাদেশের এ অর্জন অবাক হওয়ার। প্রতিবেশী রাষ্ট্রগুলো বিশেষ করে ভারত, যার জনপ্রতি আয় বাংলাদেশের দ্বিগুণ, তাদের পক্ষেও দারিদ্র্য নিরসনে বাংলাদেশের সমকক্ষতা অর্জন করা সম্ভব হয়নি। শুধু দারিদ্র্য নয়, সামাজিক ও স্বাস্থ্য-সম্পর্কিত একাধিক নির্দেশক বিশ্লেষণে দেখা যায় যে, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় (যেমন— ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, ভুটান) শিশুমৃত্যু, মাতৃমৃত্যু, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এনরোলমেন্ট এবং জেন্ডার সমতা অর্জনে অনেক এগিয়ে রয়েছে। এসব সম্ভব হয়েছে দেশের ডায়নামিক ও হাড়খাটুনি জনগণের জন্য এবং বিশেষ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শিতা ও সঠিক সিদ্ধান্তের জন্য। গরিবের উন্নয়নে ‘ওরা টোকাই কেন’, বিশেষ করে সাধারণ জনগণের সার্বিক উন্নয়নে তার ব্যক্তিগত উদ্যোগ, তার সরকারের বিভিন্ন পদক্ষেপ যেমন— একটি বাড়ি একটি খামার, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, গর্ভবতী মায়ের জন্যে সাহায্য, ছয় মাস ছুটি প্রদান, বিনামূল্যে বই প্রদান, বিভিন্ন রকমের ভাতা ও স্কলারশিপের ব্যবস্থা, নারী শিক্ষা ও নারী কর্মচারী বৃদ্ধির জন্যে সুযোগ প্রদান, ডিজিটাল বাংলাদেশ এবং মানুষের মধ্যে আত্মপ্রত্যয় ও বিশ্বাস সৃষ্টিতে শেখ হাসিনা অনন্য এবং তার অবদান সর্বোচ্চ। বাংলাদেশ শেখ হাসিনার সফল নেতৃত্বে মোটামুটিভাবে জাতিসংঘের এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে বা হওয়ার পথে। বিশ্বের মাত্র কয়েকটি দেশ এসব অর্জনে সফলকাম এবং তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ‘বাংলাদেশকে উন্নয়নের মডেল’ হিসেবে অ্যাখ্যায়িত করেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা একে ‘নারী প্রগতির নক্ষত্র’ (Star of Women Empowerment) বলে সম্মান প্রদান করেন। সেই সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রায় অর্ধডজন বিরল সম্মানে ভূষিত করেন। বিশ্ব বিখ্যাত দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল একে ‘Standard bearer of the South’ অর্থাত্ ‘দক্ষিণ দেশগুলোর আদর্শ’ হিসেবে চিহ্নিত করে। বস্তুত পৃথিবীর মধ্যে যে তিনটি দেশের অর্থনীতি সবচেয়ে ভালো করছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম বলে ‘প্রাইস ওয়াটারের’ গবেষণায় বেরিয়ে এসেছে। এটা বাংলাদেশের জন্য এক বিরল সম্মান। আশ্চর্য হলেও সত্য যে, ২০০৮-০৯ সালে যখন বিশ্বের সব উন্নত দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শূন্যের কোটায় বা নেগেটিভ, সেই বছরগুলোয়ও বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ঊর্ধ্বে ছিল এবং বস্তুত ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত এর গড় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশের মতো এবং এ বছরে এর প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৩ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস। এই অভাবনীয় সাফল্যের জন্য বাংলাদেশের অর্থমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম, দূরদর্শিতা ও সঠিক সিদ্ধান্ত অবশ্যই প্রশংসার দাবিদার।

মোদ্দাকথা, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দলকে সংগঠিত করে। পরবর্তীতে সরকার গঠন, অতঃপর তার বাবার স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার মনমানসিকতা ও ঐকান্তিকতা নিয়ে কাজ করায় বাংলাদেশ আজ ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে বিশ্বস্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। পশ্চিমা শক্তিধর, যারা একসময় বাংলাদেশকে তাচ্ছিল্য ও ধিক্কার দিয়ে একে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করেছেন, আজ শেখ হাসিনার দৃঢ় চিত্ততা ও নেতৃত্বের কারণে তা খণ্ডিত হয়ে ‘উন্নয়নের মডেল’ হিসেব প্রতিষ্ঠা অর্জন করেছে।

দীর্ঘ ২০-২২ বছর প্রবাসে থেকে দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গবিরোধী ভারতীয় বংশোদ্ভূত নেতা মহাত্মা গান্ধী স্বদেশে ফিরে এসে ভারত থেকে ব্রিটিশ খেদাও আন্দোলন সোচ্চার করে তোলেন এবং ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। ইরানের খোমেনি ফ্রান্স থেকে ফিরে এসে ইরানের শাহের রাজত্বের যবনিকা টেনে ধরেন এবং একইভাবে ভিয়েতনামের হো চি মিন ফ্রান্স থেকে স্বদেশে প্রত্যাবর্তন করে দেশটিকে স্বাধীন করেন। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার ছয় বছরের প্রবাসজীবন তাকে আরো বলীয়ান করে তোলে এবং অত্যন্ত সুনিপূণভাবে তিনি দলকে একত্রিত করেন, চাঙ্গা করেন, সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন, দীর্ঘ ২১ বছর পর প্রথমবারের মতো সরকার গঠনে সফলতা অর্জন করেন। তার প্রথম পাঁচ বছরের সরকার ব্যবস্থা (১৯৯৬-২০০১) দেশকে উন্নয়নের আস্বাদন গ্রহণে সাহায্য করে। তবে ২০০১ সালের নির্বাচনে কারচুপি ও অস্বচ্ছতার কারণে তার দল পরাজিত হলে দেশে নৈরাজ্য, হত্যাযজ্ঞ ও দখলদারির রাজত্ব প্রতিষ্ঠিত হয়। জনগণ এতে সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা পোষণ করে এবং দেশে আধা সামরিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। জননেত্রী শেখ হাসিনাকে একাধিক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে জেলবন্দি করা হয়। তবে জনগণের চাপের মুখে তাকে বেশি দিন কারাবন্দি করে রাখা যায়নি। বাধ্য হয়ে তাকে মুক্তি দিতে হয়। জেল থেকে মুক্তির পর তাকে আমরা যুক্তরাষ্ট্রের বোস্টনে সসম্মানে গ্রহণ করি এবং তিনিই যে আমাদের আশা-আকাঙ্ক্ষা ও আশা-ভরসা, আমাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের আশ্রয়স্থল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চালিকাশক্তি, তা তাকে বিশদভাবে বলা হয়। বিদেশের মাটিতে তার দৃঢ়চিত্ততা আরো প্রখরতা লাভ করে। সব বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র উপেক্ষা করে দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে এলে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে এবং তিনি সোনার বাংলা বিনির্মাণের উদ্যোগ নেন। ২০১৪ সালের নির্বাচনে তার দল তৃতীয়বারের মতো সরকার গঠন করে এবং তার শাসনামলকে ‘বাংলাদেশের স্বর্ণযুগ’ বলে আখ্যায়িত করা যায় এজন্য যে, এ সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ, স্বাধীনতার পর দীর্ঘ ৩৬ বছরে দেশের বৈদ্যুতিক সরবরাহের পরিমাণ বাড়ে মাত্র ৩ হাজার ২০০ মেগাওয়াট। কিন্তু তার আট বছরে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত— এই কয়েক বছরে বৈদ্যুতিক উত্পাদনের পরিমাণ ১৫ হাজার মেগাওয়াট অর্থাত্ প্রায় পাঁচ গুণ বেড়েছে এবং উল্লেখ্য, বৈদ্যুতিক বাতি ও জ্বালানি হচ্ছে উন্নয়নের অন্যতম প্রয়োজনীয় হাতিয়ার।

আরেকটি বিষয় লক্ষণীয় যে, যেসব দেশে ত্বরিতগতিতে উন্নয়ন হয়, সেসব দেশে ধনী-দরিদ্রের আয়ের বৈষম্য অত্যন্ত প্রকট হয়। তবে সুখের কথা যে, শেখ হাসিনার একাধিক সামাজিক নিরাপত্তাবেষ্টনীর কারণে যদিও বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি বেড়েছে গড়ে ৬ দশমিক ৫ শতাংশ, এ সত্ত্বেও ধনী-দরিদ্রের ফারাক ততটুকু প্রকট হয়নি। উল্লেখ্য, সিআইয়ের তথ্যমতে বাংলাদেশের জিনি কোফিসিয়েন্ট হচ্ছে ৩২ দশমিক ১ (জিনি কোফিসিয়েন্ট ১০০ বা অনুরূপ হলে ধনী-দরিদ্রের ফারাক আকাশচুম্বী)। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান, মালদ্বীপ ইত্যাদি দেশের জিনি কোফিসিয়েন্ট বাংলাদেশ থেকে অধিক। যেমন— শ্রীলংকার জিনি কোফিসিয়েন্ট হচ্ছে ৬০ দশমিক ৩। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যেমন— ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে ইত্যাদি দেশে জিনি কোফিসিয়েন্ট হচ্ছে সর্বনিম্নে— প্রায় ২৫ ভাগ। সেদিক বিবেচনায় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে ‘মানবিক’ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে এখানে ধনী-দরিদ্রের ফারাক এখনো অনেক কম।
শেখ হাসিনার দল সরকার গঠন করে এবং একের পর এক সফল সিদ্ধান্ত তার সরকার গ্রহণ করে। পদ্মা সেতু নিজস্ব অর্থে তৈরি হচ্ছে। আইএমএফ ও বিশ্বমাতব্বর বিশ্বব্যাংকের উপদেশ উপেক্ষা করে কৃষিক্ষেত্রে ভর্তুকি প্রদানে কৃষি উত্পাদনে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়। ফলে দারিদ্র্য কমে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়। সন্ত্রাসীর বিরুদ্ধে তার ‘জিরো টলারেন্স’ এবং জাতিসংঘের অধীনে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত জাতিকে বিশ্বপরিমণ্ডলে উন্নত আসনে অধিষ্ঠিত করে। উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৯০ সাল— এই ১৫ বছরে যখন শেখ হাসিনা সরকারে ছিলেন না, তখন বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ২ শতাংশ, আর হাসিনা সরকারের সময়ে (২০০৯-১৬) দেশের গড় প্রবৃদ্ধি হার তার দ্বিগুণের থেকেও বেশি— ৬ দশমিক ৫ শতাংশ। বস্তুত, এ সময়ে তিনটি বড় অর্জন সম্ভব হয়েছে। তা হলো— প্রথমত. আওয়ামী লীগ দল পুনর্গঠিত ও একত্রিত হয় এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়, দ্বিতীয়ত. দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং তৃতীয়ত. দেশের সমূহ উন্নয়ন হয়, যার ফলে বাংলাদেশ যে শুধু ‘উন্নয়নের রোল মডেল’ তা নয়, বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ অর্জনের স্বপ্ন অর্জিত হবে বলে জনগণের মধ্যে বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে, শেখ হাসিনার নেতৃত্ব গ্রহণ বাংলাদেশের সার্বিক উন্নয়নে, গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন প্রতিষ্ঠায়, দেশের ভাবমূর্তি উচ্চমানে নিয়ে যাওয়ায় এবং দারিদ্র্য নিরসনে ঈর্ষণীয় অবদান রেখেছে।

লেখক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০