চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী উইমেন এসএমই এক্সপো
প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী উইমেন এসএমই এক্সপোচট্রগ্রাম প্রতিনিধি: আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ১১ তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো -২০১৭।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশান সেন্টার এর সহযোগিতায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকী এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী জানান, মাসব্যাপী আয়োজিত আন্তর্জাতিক এই এসএমই এক্সপো হবে দক্ষিণ এশিয়ায় মহিলা উদ্যোক্তাদের সর্ববৃহৎ বাণিজ্য সম্মিলন। এবারের মেলায়, ছোট-বড় প্রায় ৩৫০টি স্টল এবং ১৫টি প্যাভেলিয়ন রয়েছে। যেখানে নারী উদ্যোক্তাদেরকে স্বল্প মূল্যে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিসিটিভি ক্যামেরা, বেসরকারী নিরাপত্তা রক্ষী, ফায়ার সার্ভিস-সহ র্যাব এর টহল নিশ্চিত করা হয়েছে।
মেলায় শিশুদের জন্য বিনোদন পার্কসহ নগরীর স্কুলগুলোতে শিশুদের জন্য বিনামূল্যে টিকেট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার সৌন্দর্য্য বিকাশের জন্য আকর্ষনীয় তোরণ, দৃষ্টিনন্দন ফোয়ারা ও সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হয়েছে। মেলার সার্বিক কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য সার্বক্ষনিকভাবে অফিস স্থাপন করা হয়েছে।
এবারের মেলায় এসএমইখাতে নারী উদ্যোক্তাদের এসএমই ব্যাংক সমূহের সাথে সেতুবন্ধন তৈরি করতে বাংলাদেশ ব্যাংক এর সার্বিক সহযোগিতায় ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজন করা হচ্ছে “৪র্থ এসএমই ব্যাংকিং ম্যাচ-মেকিং ফেয়ার ২০১৭”। যেখানে তাৎক্ষনিকভাবে ঋণ গ্রহণে আগ্রহী এসএমই নারী উদ্যোক্তাদের নির্বাচন করে সংশ্লিষ্ট ব্যাংকে ঋণ প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে ।
ভোজন রসিকদের কাছে মেলার আকর্ষণ বাড়াতে ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী আয়োজন করা হবে “চিটাগাং মেগা ফুড কার্নিভাল”। যেখানে বিপুল সংখ্যক রেস্টুরেন্ট অংশগ্রহণ করছে।
সোনালী আঁশ খ্যাত পাটের তৈরি পণ্য নিয়ে আগামী ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী “পাট পণ্য মেলা ২০১৭” অনুষ্ঠিত হবে। এছাড়া মেলায় এবার প্রথমবারের মত সংযোজিত হচ্ছে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফাউনটেন (ওয়াটার ড্যান্স)।
আয়োজনে কো-স্পন্সর হিসেবে রয়েছে আরএসপিএল, ব্র্যাক ব্যাংক, বে-গ্যালারি, হিমালয়া, র্যাংকস্ এফসি প্রপাটিজ, শেঠ প্রপাটিজ, ডায়মন্ড সিমেন্ট, ইন্ট্রাকো গ্রুপ, ওয়েল ফুড।








