দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার ঘোষণা আন্দোলনকারীদের
প্রচ্ছদ » Uncategorized » দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার ঘোষণা আন্দোলনকারীদের
রিজভী : আগামীকাল সোমবার থেকে সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারপন্থী আন্দোলনকারীরা। পুলিশের হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে সারাদেশে সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করার অনুরোধ জানিয়েছে আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুন।
রবিবার সন্ধ্যা ৭টায় পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়া শুরু করে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে লাঠিপেটা। পুলিশের হামলার মুখে কয়েক মিনিটের মধ্যে শাহবাগ মোড় থেকে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।
পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকে পড়ে চারুকলার সামনে অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে আন্দোলনকারীরা।
শাহবাগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ এখনও চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে পাঁচ শিক্ষার্থীকে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থান নিয়েছেন সারাদেশের প্রায় হাজার খানেক শিক্ষার্থী ও চাকরীপ্রার্থী। ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা শাহবাগে জমায়েত হয়েছেন। তারা শাহবাগের মূল রাস্তায় অবস্থান নেওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
তাঁদের দাবি, বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কার করে কমাতে হবে। এই চাকরিতে কোটা সব মিলিয়ে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
কেন্দ্রীয়ভাবে রোববার বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রাটি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা দিয়ে বের হয়ে রাজু স্মৃতি ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগের মোড়ে এসে অবস্থান নেন তাঁরা।
বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৫ শতাংশ বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা রয়েছে। আর বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। এ জন্য এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
পুঁজি/ রি/ রিজভী
০৮/০৪/২০১৮ ইং








