ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বসিত রাসিকের ভোটাররা
প্রচ্ছদ » সারাদেশ » ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বসিত রাসিকের ভোটাররা
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। নগরীর বিবি হিন্দু একাডেমি পুরুষ ও মহিলা কেন্দ্রে নেয়া হচ্ছে ইভিএমে ভোট। ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বসিত ভোটাররা। বলছেন এ পদ্ধতিতেই স্বল্প সময়ে ও সহজে ভোট দেয়া সম্ভব।
সকাল ৮টা থেকে একযোগে শুরু হয়েছে রাসিক নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলছে এখানকার পুরুষ ইভিএম কেন্দ্রের ৫টি এবং নারী কেন্দ্রের ৬টি বুথে। আলাদা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।
এখানকার পুরুষ কেন্দ্রে ভোটার এক হাজার ৬৩৭ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২৭ জন। এই সময়ের মধ্যে নারী ভোটকেন্দ্রেও ভোট পড়েছে ১২৭টি। এখানকার নারী ভোটকেন্দ্রে ভোটার এক হাজার ৭৪৫ জন।
ইভিএমে প্রতীক রয়েছে ৫ জন সাধারণ কাউন্সিলর, ৪ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ৫ জন মেয়র প্রার্থীর। একজন প্রিসাইডিং অফিসার ছাড়াও প্রত্যেক কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ১১ সহকারী প্রিসাইডিং অফিসার এবং ২২ জন পোলিং অফিসার।








