বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রচ্ছদ » বিনোদন » বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
সোমবার (৩০ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। পরে ট্রাফিক ও থানা পুলিশে সদস্যরা গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেন।
পুলিশ জানায়, ‘রাস্তা ক্লিয়ার আছে। যানচলাচল স্বাভাবিক।’ তবে সরেজমিনে দেখা যায়, রাস্তায় বিক্ষোভ, ধাওয়া ও শিক্ষার্থীদের দৌড়াদৌড়ির মধ্যে রাস্তায় যানচলাচল স্থবির হয়ে পড়েছে।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, গতকালকের (রোববার) দুর্ঘটনায় শিক্ষার্থীরা আজ (সোমবার) আবারও রাস্তা অবরোধের চেষ্টা করে। বিক্ষোভ শুরু করে। যানবাহনের ভাঙচুরের চেষ্টা চালায়। যানমালের নিরাপত্তা ও রাস্তায় গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বাসের বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে। ঘাতক বাস দুটির চালক ও হেলপারসহ মালিকপক্ষকে বিচারের মুখোমুখি করতে হবে।
শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রুবা বলেন, আমরা বিক্ষোভ করছিলাম, রাস্তা অবরোধ করেছিলাম। কিন্তু কোনো যানবাহন ভাঙচুর করা হয়নি। পুলিশ এসে আমাদের শিক্ষার্থীদের মারধর করেছে, ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।








