কমলাপুরে আগাম টিকিট বিক্রি শুরু
প্রচ্ছদ » Uncategorized » কমলাপুরে আগাম টিকিট বিক্রি শুরু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার (২২ মে) সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়।
আজ দেয়া হচ্ছে ৩১ মের টিকিট। এই দিনের টিকিট পেতে কমলাপুরে মানুষের উপচে পড়া ভিড়। প্রতিটি কাউন্টারের সামনে থেকে টিকিট প্রত্যাশী মানুষের দীর্ঘলাইন ঠেকেছে স্টেশনের বাইরের দিকে। নারীদের জন্য রয়েছে আলাদা কাউন্টার।
পূর্ব নির্ধারিত সময়ে টিকিট বিক্রি শুরুর মধ্য দিয়ে রাতভর কমলাপুর রেলওয়ে স্টেশনে জেগে থাকা মানুষের অপেক্ষার অবসান হলো। কাঙ্ক্ষিত টিকিট পেতে মঙ্গলবার (২১ মে) রাত ১০টা থেকেই স্টেশনে অবস্থান নেন উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা।
প্রথমবারের মতো এবার অঞ্চল ভেদে ভিন্ন পাঁচ জায়গায় টিকিট বিক্রি করায় দেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুরের চিরচেনা রূপ নেই। এবার কমলাপুরে টিকিট কিনতে এসেছে শুধু রাজশাহী ও রংপুর বিভাগের যাত্রীরা।
এদিকে, কমলাপুরে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ, আনসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র আবশ্যিক হওয়ায় এবার কিছুটা হলেও টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য কমেছে।
রেলওয়ের তথ্য মতে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। আজ দেওয়া হবে ৩১ মে’র টিকিট। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকিট, ২৪ মে দেওয়া হবে ২ জুনের টিকিট, ২৫ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট।
ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট।
রেল সূত্রে জানা যায়, প্রতিদিন ৭০ থেকে ৭২ হাজার টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসাবে ঈদের পাঁচ দিনে তিন লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করা হবে। ৯৬টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি আট জোড়া বিশেষ ট্রেনও নামানো হবে।








