কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রচ্ছদ » জাতীয় » কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কুমিল্লা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দেশব্যাপী বহুল আলোচিত কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলা চালিয়ে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনাসহ হত্যা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত পৃথক মামলায় আদালত এই পরোয়ানা জারি করেন।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা এ আদেশ দেন। ওই মামলায় চার্জশিটভুক্ত বিএনপি জামায়াতের আরও অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী রয়েছেন। আদালতের পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আসার পর নাশকতাকারীদের হামলার শিকার হয়। এসময় নিক্ষিপ্ত পেট্রলবোমা হামলায় ঘটনাস্থলে ৭ জন এবং পরে ঢামেকের বার্ন ইউনিটে রাশেদুল ইসলাম নামের আরও এক জনের মৃত্যু হয়।
নারকীয়ভাবে ৮ জনকে হত্যা ছাড়াও ওই বছরের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যানে পেট্রল বোমা হামলার ঘটনায় এসআই নুরুজ্জামান বাদী হয়ে ওই পৃথক ৩টি মামলা দায়ের করেছিলেন।








