খুলনার সেই ৩ স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
প্রচ্ছদ » Uncategorized » খুলনার সেই ৩ স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত হয়ে যাওয়া তিন কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোট দানে বাধা, বুথ দখল, জাল ভোট ও হামলার আশঙ্কায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি রয়েছে একেবারেই কম।
গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, তিনটি কেন্দ্রেই ২২ জন অস্ত্রধারী পুলিশের পাশাপাশি তিনজন অস্ত্রধারীসহ ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছে র্যাবের চারটি ও পুলিশের তিনটি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং ফোর্স, এক প্লাটুন বিজিবি এবং তিন কেন্দ্রে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, ওই তিনটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এমনকি প্রার্থীদের এজেন্টও পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সেট আপ দিয়ে পুনঃভোটগ্রহণ করা হচ্ছে। তিনটি কেন্দ্রে ৫৭ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।








