খুলনা পাওয়ার নিয়ে বিব্রত বিদ্যুৎ মন্ত্রণালয়
প্রচ্ছদ » Uncategorized » খুলনা পাওয়ার নিয়ে বিব্রত বিদ্যুৎ মন্ত্রণালয়
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) নিয়ে অস্বস্তিতে আছে সরকারের বিদ্যুৎ বিভাগ। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এই বিভাগের কর্মকর্তারা কোম্পানিটির প্রসঙ্গে যে কোনো আলোচনা করতে বিব্রত বোধ করেন। বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেছেন, কেপিসিএল ইস্যুতে তাদের বক্তব্যকে দু’ তিনটি গণমাধ্যম বিকৃতভাবে প্রকাশ করেছে। আলোচিত গণমাধ্যমগুলোর রিপোর্টারের কোয়ারিজের উত্তরে তারা যে কথা বলেছেন, প্রকাশ করা হয়েছে তার ঠিক বিপরীত বক্তব্য।
উল্লেখ, খুলনা পাওয়া বা কেপিসিএলের ১১০ মেগাওয়াট ক্ষমতার একটি পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ বিক্রির জন্য সরকারের সঙ্গে করা চুক্তির মেয়াদ গত বছরের ১২ অক্টোবর শেষ হয়ে যায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি ওই প্ল্যান্টের জায়গায় নতুন প্ল্যান্ট বসানোর অনুমতি চেয়ে আবেদন করে। কিন্তু এখন পর্যন্ত ওই আবেদনটির কোনো অগ্রগতি হয়নি। ফাইলটি সে অবস্থাতেই পড়ে আছে। অথচ এ অবস্থা সত্ত্বেও দুয়েকটি কথিত অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে অনুমোদনের প্রক্রিয়াটি আগাচ্ছে। এসব ‘সংবাদ’ এ আবার বিদ্যুৎ বিভাগের কোনো কোনো কর্মকর্তার উধৃতিও দেওয়া হয়েছে। এটি নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বেশ ক্ষুব্ধ।
এ বিষয়ে যোগাযোগ করলে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস বলেন, এ বিষয়ে (খুলনা পাওয়া কোম্পানি) কথা বলতে আমরা বিব্রত বোধ করছি।
খুলনা পাওয়ারের আলোচিত প্ল্যান্টটির চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন প্ল্যান্ট স্থাপনের আবেদনের কোনো অগ্রগতি আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।
দুয়েকটি অনলাইনে তার বরাত দিয়ে প্রক্রিয়া শুরু হওয়ার যে কথা বলা হয়েছে, সে স্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনাকে আমি যে উত্তর (কোনো অগ্রগতি নেই) দিয়েছি, অন্য যারা ফোন করেছে, তাদেরকেও একই উত্তর দিয়েছি। তারা কী প্রকাশ করেছি আমি দেখিনি। তবে শুনেছি। এটা দুঃখজনক।
সূত্র: অর্থসূচক।








