গাইবান্ধায় নদীর তীর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
প্রচ্ছদ » Uncategorized » গাইবান্ধায় নদীর তীর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীর থেকে লিটন রাজভর (৩৩) নামে এক সার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লিটন রাজভর কুঠিবাড়ি এলাকার গণেশ রাজভরের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অনিমেষ জানান, সকালে বাড়ির পাশের করতোয়া নদীর তীরে লিটনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে লিটন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ব্যবসা নিয়ে নানা সমস্যার কারণে লিটন এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারপরও সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ আগস্ট, ২০২০।








