পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সরকারের রাজস্ব অর্জনে পুঁজিবাজারের ভূমিকা রয়েছে বেশ। তবে এবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় আগের বছরের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সরকার রাজস্ব আহরণ করে ২৩৭ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে ব্রোকারেজ হাউজগুলো থেকে উৎসে কর বাবদ আহরণ করা হয়েছে ১৫৯ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া স্পন্সর এবং প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছে ৭৪ কোটি ১২ লাখ টাকা এবং শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ মূলধনী আয়ের ওপর থেকে রাজস্ব আদায় হয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা।
আগের ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব আদায় হয়েছিল ২৪৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে ব্রোকারেজ হাউজ থেকে উৎসে কর বাবদ রাজস্ব আদায় হয়েছে ১৮০ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা। স্পন্সর এবং প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে ৬২ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ মূলধনী আয় থেকে ১ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
সরকার তিন ভাবে পুঁজিবাজার থেকে রাজস্ব আদায় করে থাকে। এর মধ্যে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ বিবিবি ধারা অনুযায়ী ব্রোকারেজ হাউজ থেকে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩এম ধারা অনুযায়ী স্পন্সর ও প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে এবং ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ সেকশন ৫৩এন অনুযায়ী মূলধনী আয় থেকে রাজস্ব আদায় করে থাকে।








