দহনে থাকছেন আরেক নতুন মুখ রাজ রীপা
প্রচ্ছদ » Uncategorized » দহনে থাকছেন আরেক নতুন মুখ রাজ রীপা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গেলো ৩০ এপ্রিল ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘দহন ‘ এর আনুষ্ঠানিক মহরত। ছবিতে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সিয়ামের বিপরীতে থাকছেন দুই নায়িকা আজমেরী হক বাঁধন ও পূজা চেরী।
দহন ছবিতে সিয়ামের বিপরীতে পূজা থাকলেও আরও একজন নায়িকা থাকবেন বলে চমক রেখেছিলেন জাজ মাল্টিমিডিয়া। পরে মহরত অনুষ্ঠানে সিয়ামের বিপরীতে বাঁধনের নাম ঘোষণা করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। বাঁধনের নাম ঘোষণার পরে দহন ছবিতে আরও এক নতুন মুখের নাম এসেছে। একদমই নতুন মুখ রাজ রীপা। বাঁধন ও পূজার সাথে নবাগতা হিসেবে থাকছেন এই ছবিতে।
নবাগতা রাজ রীপা বলেন, ছোট বেলা থেকেই বড় পর্দায় কাজ করার খুব ইচ্ছে ছিলো। এরমধ্যে টুকটাক কিছু কাজ করেছি। কিন্তু সিনেমা এটাই আমার প্রথম। অনেকদিন আগেই আজিজ ভাইকে বলেছিলাম ছবিতে কাজ করার কথা। মহরতের আগের দিন ভাইয়া আমাকে কনফার্ম করে যে দহন সিনেমাতে তুই ও থাকবি। আজিজ ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা সুযোগ দেওয়ার জন্য।
পরিচালক রায়হান রাফী বলেন, সমাজের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজ রীপা। সিনেমার গল্পে একজন উঠতি নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। যে কিনা অনেক স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।
উল্লেখ্য, গেলো বছরেই ‘সংবাদের শিরোনাম হতে চাই না’ নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় রাজ রীপার পদচারণা শুরু। এরপর বেশ কিছু একক ও ধারাবাহিকের পাশাপাশি বিজ্ঞাপনেরও কাজ করেন তিনি।








