নিখোঁজের তিন দিন পর মিললো শিশুর মরদেহ
প্রচ্ছদ » Uncategorized » নিখোঁজের তিন দিন পর মিললো শিশুর মরদেহ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাভারে নিখোঁজের তিন দিন পর ইয়াসিন (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সাভারের দেওগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, গত ২৪ সেপ্টেম্বর চাঁদপুর থেকে ওই শিশু বাবা-মার সঙ্গে দেওগাঁও এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে নিাখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
বুধবার রাতে স্থানীয়রা দেওগাঁও এলাকায় একটি ব্রিজের পাশে বালুর নিচে শিশুটির মরদেহ দেখতে পায়। এ সময় স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সুজায়েত হোসেন বলেন, কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পুড়িয়ে হত্যার পর বালুর নিচে চাপা দিয়ে রাখা হয়। এই ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।








