নির্মাণাধীন ভবন থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে নারীর মৃত্যু
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » নির্মাণাধীন ভবন থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে নারীর মৃত্যুপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর রায়েরবাজার সাদেক খান রোডে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে নাহার বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাহার কিশোরগঞ্জের ইটনা উপজেলার মো. আনোয়ার হোসেনের স্ত্রী। বর্তমানে স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ সাদেক খান রোডের কমিউনিটি সেন্টার গলি ২৬/২ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন তিনি।
ছেলে মো. সোহাগ জানান, বিকেলে টিনশেড বাসার সামনে ঘোরাঘুরি করছিলেন তার মা নাহার। তাদের বাসার সামনে একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এ সময় ওই ভবনের পাঁচতলা থেকে লোহার একটি অ্যাঙ্গেল তার মায়ের মাথার উপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলের অভিযোগ, ভবনটিতে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ করা হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ভবনের চার পাশে কোনো নেটও টানানো নেই। এর আগেও বিভিন্ন সময় উপর থেকে ইট-পাটকেল নিচে পড়েছে। তবে তখন কেউ আহত হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ অক্টোবর , ২০২০।








