পুঁজিবাজারে আসছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক
প্রচ্ছদ » আর্ন্তজাতিক » পুঁজিবাজারে আসছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে আসছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য কোম্পানিটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টেকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ চুক্তি করেছে।রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি চুক্তি সই করেছে। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেছে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর সিইও (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সোহেল রহমান।
এসময়ে ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ডেপুটি সিইও সুলতান আহমেদ, ব্যাংকের পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ব্যাংকটি ফিক্সট প্রাইস পদ্ধতিতে বাজারে আসতে চায়। ব্যাংকটি আইপিও’র মাধ্যমে বাজার থেকে ২০০ কোটি টাকা তুলতে চায়। সর্বশেষ হিসাব অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৪ টাকা।
উল্লেখ, ২০১৩ সালে চালু হওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ৫৬৫ কোটি টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – সি/ ই/ ০২ এপ্রিল , ২০১৯।








