বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট
প্রচ্ছদ » Uncategorized » বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেলেই দেখা যাবে বাংলাদেশের গর্বের অর্জন বঙ্গবন্ধু স্যাটেলাইট। এবারের মেলার ভিআইপি গেটের নকশা করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদলে। বরাবরের মতো বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করে।
২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গর্বের অর্জন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাশাপাশি স্বপ্নের পদ্মা সেতুও দেখতে পাবেন দর্শনার্থীরা। সেই সঙ্গে দেখা যাবে অহংকারের জাতীয় স্মৃতিসৌধ।
মেলার ভিআইপি গেট যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে করা হয়েছে তেমনি মূল গেট করা হয়েছে বাংলাদেশের অভ্যুদয় ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতীক সামনে রেখে। দুই পাশে দুটি জাতীয় স্মৃতিসৌধের প্রতীক তৈরি করে, সেই প্রতীকী স্মৃতিসৌধ দুটির ওপর পদ্মা সেতুর প্রতীকী স্প্যান বসিয়ে করা হয়েছে প্রধান গেট।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিআইপি গেট বরাবরই সাদামাঠা করা হলেও এবারই প্রথম পরিবর্তন এনে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতীক রাখা হয়েছে। আগে কয়েক বছর ধরেই বাণিজ্য মেলার মূল গেট সাজানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে। ২০১৮ সালে প্রথম মেলার মূল গেট পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়। এবারও মূল গেট পদ্মা সেতুর আদলে করা হলেও ২০১৮ সালের তুলনায় বেশ পার্থক্য রয়েছে।
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর সফল উৎক্ষেপণ করা হয় ২০১৮ সালের ১২ মে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইটটি সফল উৎক্ষেপণ করা হয়। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের পর দেশব্যাপী ই-এডুকেশন, ই-লার্নিং, টেলি-মেডিসিনসহ আরও নানা সেবা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
উৎক্ষেপণের এক বছর চার মাস পর গত ১ অক্টোবর থেকে আয়ের খাতায় নাম লেখায় গর্বের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। দেশি টেলিভিশন চ্যানেলগুলো কম খরচে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করছে।
অপরদিকে বিশ্বব্যাংক সহায়তার হাত ফিরিয়ে নিলেও নিজস্ব অর্থায়নে ২০১৪ সালে শুরু হয় স্বপ্নের পদ্মা সেতুর কাজ। বেশ জোর কদমেই চলছে সেতু নির্মাণকাজ। ইতোমধ্যে তিন কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এর মাধ্যমে মূল সেতুর ৮৫ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়।








