বাড়তে পারে লক ইন সময়: প্লেসমেন্ট ইস্যুতে কমিটি গঠন
প্রচ্ছদ » জাতীয় » বাড়তে পারে লক ইন সময়: প্লেসমেন্ট ইস্যুতে কমিটি গঠন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা শেয়ারের উপর বর্তমানে ১ বছরের লক-ইন বা বিক্রয় নিষেধাজ্ঞার বিধান রয়েছে। আর এই লক ইন সময় বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এদিকে,মঙ্গলবার প্লেসমেন্ট শেয়ার বেচাকেনা বিধিবিধান সংশোধন করতে কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম কে ৪ সদস্যের কমিটির আহবায়ক করা হয়েছে। এই কমিটি অতালিকাভুক্ত সিকিউরিটিজের পুঁজি উত্তোলন সংক্রান্ত ২০১১ সালে গেজেট আকারে প্রকাশিত নোটিফিকেশন পর্যালোচনা করবে।পর্যালোচনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংশোধনীর বিষয়েও কমিটি সুপারিশ করবে।
এর আগে প্লেসমেন্ট বানিজ্যের লাগাম টানতে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদেও আলোচনা হয়েছে। প্লেসমেন্ট শেয়ার অন্তত ৩ বছরের লক-ইন রাখতে প্রস্তাব এসেছে ডিএসইর পর্ষদ থেকে। কোনো কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসার আগে প্লেসমেন্টে শেয়ার ইস্যু করে থাকলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ লক-ইন আরোপ হলে শুধু বিক্রি নয়,ওই শেয়ার ব্যাংকে জামানত রাখা এবং হস্তান্তরও আইপিও পরবর্তী ৩ বছর পর্যন্ত বন্ধ থাকারও প্রস্তাব করেছে স্টক এক্সচেঞ্জ।
উল্লেখ্য,২০১১ সালে নোটিফিকেশনে প্লেসমেন্ট শেয়ার বেচাকেনার বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই নোটিফিকেশনে পুঁজি উত্তোলনকারী কোম্পানির প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার লক ইন পরিয়ডের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে অ্যালটমেন্ট লেটার পাওয়ার পর ওই কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টধারীদের শেয়ার এক বছর লক ইন থাকবে। একই সঙ্গে কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার স্পন্সরদের থাকার কথাও বলা হয়েছে। যা কনসেন্ট লেটার পাওয়ার তারিখ থেকে ৩ বছর পর্যন্ত পিরিয়ড উল্লেখ করা হয়েছে। এসব বিষয় ছাড়াও স্থিতিশীল বাজারের লক্ষ্যে অন্যান্য বিষয়গুলোও পর্যালোচনা করে তা সংশোধন করার জন্য বিএসসি কমিটি গঠন করেছে।








