বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রচ্ছদ » Breaking News || Slider || তথ্যপ্রযুক্তি » বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটাকার্ড অবমুক্ত করেন তিনি। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব নুর-উর-রহমান এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র।
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড আজ ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে এবং পরবর্তীতে অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘরে এ স্মারক ডাকটিকিট পাওয়া যাবে।
উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিও’তে একটি বিশেষ সিলমোহরেরও ব্যবস্থা রয়েছে।








