বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে বিএসইসি
প্রচ্ছদ » Uncategorized » বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে বিএসইসি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গণমাধ্যম কর্মীদের সেরা রিপোর্টের জন্য বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড চালু করার ঘোষণা দিয়েছে। আজ সোমবার সংস্থাটির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন এ ঘোষণা দেন।
ওয়ার্কশপ অন ফিন্যান্সিয়াল লিটারেসি ফর জার্নালিস্ট শীর্ষক কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর আগারগাঁও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাল্টিপারপাস হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় পুঁজিবাজার বিটের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
তিনি বলেন, যেসব গণমাধ্যমকর্মী বস্তুনিষ্ঠ প্রতিবেদন করবে তাদেরকে কমিশন পুরস্কৃত করবে। আগামী বছর থেকে এ পুরুস্কার চালু হবে। যাতে পুঁজিবাজার নিয়ে লেখালেখির মাধ্যমে গণমাধ্যমকর্মীরা বাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখতে পারে। আর তা তরান্বিত করতেই বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড চালু করবে কমিশন।
খায়রুল হোসেন বলেন, বাজারে জবাবদিহিতা বাড়ানো হয়েছে। বিশেষ করে ২০১২ সাল থেকে জবাবদিহিতার মাত্রা বাড়ানো হয়েছে। এতে গণমাধ্যমকর্মীদের কাজের সুবিধা হয়েছে। তাছাড়া জবাবদিহিতার কারণে বিনিয়োগকারীরাও উপকৃত হচ্ছে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে আমরা কাউকে মুনাফা করিয়ে দিতে পারবো না। বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন সুরক্ষা পায় সে বিষয়ে আমরা জোর দিচ্ছি। কোনো রিউমারের উপর ভিত্তি না করে বিনিয়োগকারীরা বিনিয়োগের পূর্বে কিভাবে তা ভেরিফাই করবেন সে বিষয়গুলো ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে ছড়িয়ে দিতে কাজ চলছে।
বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, সামনে নির্বাচন, আর বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ভয় নেই। আমরা সব সময় বাজার মনিটরিং করছি। বাজারের প্রতি যথাযথ নজর রাখছি। তাই নির্বাচনকে সামনে রেখে ভয়ের কিছু নেই।
আইনের আওতায় অর্পিত দায়িত্ব যাতে সকলে পালন করতে পারে সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।








