সম্মানজনক আসন পেলে আ.লীগের সাথে জোটে যাবে জাপা
প্রচ্ছদ » সারাদেশ » সম্মানজনক আসন পেলে আ.লীগের সাথে জোটে যাবে জাপা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে যাবেন। সোমবার বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জি এম কাদের বলেন, আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়েছি। আমরা চাই আওয়ামী লীগ আমাদের সম্মানজনক আসন বরাদ্দ দেবে।
তিনি বলেন, আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।
জি এম কাদের বলেন, আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।








