ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা : মামলা দায়ের, গ্রেপ্তার ৪
প্রচ্ছদ » সারাদেশ » ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা : মামলা দায়ের, গ্রেপ্তার ৪
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় গাছের সঙ্গে বেঁধে ব্যবসায়ী শেখ নিয়ামুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পিতা শেখ সাইদুল করিম বাদী হয়ে মঙ্গলবার রাতে রূপসা থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রজন্ম লীগের বহিষ্কৃত নেতা হান্নান শেখকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহমান বলেন, মঙ্গলবার রাতেই চাঞ্চল্যকর এই মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে প্রধান আসামি হান্নান শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এজাহারভুক্ত অপর আসামিরা হলেন- হান্নানের ভাই শেখ জুনায়েদ ও শেখ জাহিদ, মিরাজ হাওলাদার, মো. জিয়াদ, মো. মিজানুর রহমান, সাইফুল ইসলাম (বড়), নাদিম শেখ, শামীম, কল্লোল, রিয়াদ, মো. রাবিক ও নূর জামান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই মামলাকে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার চার আসামি হলেন- হান্নানের সহযোগী নাদিম শেখ (৩০), সাইফুল ইসলাম (৩৪), মনিরুল ইসলাম (৩৪) ও খায়রুল ইসলাম (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে নিয়ামুল করিমকে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
গত সোমবার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে বট গাছের সঙ্গে বেঁধে মৎস্য ব্যবসায়ী শেখ নিয়ামুল করিমকে নির্যাতন করে হান্নান ও তার বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিয়ামুল করিম স্থানীয় ফরেন মার্কেট এলাকার শেখ সাইদুল করিমের ছেলে। তিনি বিভিন্ন এলাকা থেকে চিংড়ি মাছ কিনে রূপসা পাইকারি বাজারে বিক্রি করতেন। তিনি এক কন্যা সন্তানের জনক।








