শিশুকে বাঁচাতে এসে ঢাকার প্রশংসায় ভারতীয় চিকিৎসক
প্রচ্ছদ » সারাদেশ » শিশুকে বাঁচাতে এসে ঢাকার প্রশংসায় ভারতীয় চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: গরিব পরিবারের শিশুকে সুস্থ করে তুলতে বাংলাদেশ ও ভারত একত্রে কাজ করে দু’দেশের চিকিৎসকরা সফল হয় এ অস্ত্রোপচারে। কলকাতার শিশুবক্ষ-বিশেষজ্ঞ পল্লব চট্টোপাধ্যায় ঢাকা থেকে কলকাতা ফিরে ঢাকায়র প্রশংসায় পঞ্চমূখ এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার।
আনন্দবাজারের প্রতিবেদনটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:-
ভিআইপি নয়। তবু একরত্তি আজমাইনকে সুস্থ করে তুলতে দু’দেশের চিকিৎসকেরা এই ভাবে ঝাঁপিয়ে পড়বেন— তা কল্পনাও করতে পারেননি বাবা-মা! সকলের চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সদ্যোজাত। কাঁটাতারের বেড়া, নিয়মের পাঁচিল, কূটনৈতিক কচকচি পিছনে ফেলে জিতল মানবিকতা।
গুরুতর অসুস্থ আজমাইন ভেন্টিলেশনে ছিল বলে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা যাচ্ছিল না। তা হলে উপায়? শেষ পর্যন্ত কলকাতার শিশুবক্ষ-বিশেষজ্ঞ পল্লব চট্টোপাধ্যায়কে জরুরি ভিত্তিতে ঢাকায় উড়িয়ে নিয়ে যেতে যুদ্ধকালীন তৎপরতায় তাঁর ভিসা, বাংলাদেশের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন (বিদেশ থেকে চিকিৎসক গিয়ে অস্ত্রোপচার করলে তার প্রয়োজন) ও প্রয়োজনীয় নথিপত্রের ব্যবস্থা হয়েছিল।
ঢাকা বিমানবন্দরে ওই চিকিৎসককে সিকিউরিটি চেকের জন্য দাঁড়াতে হয়নি, লাগেজের জন্য অপেক্ষা করতে হয়নি। আবার বিমানবন্দর থেকে ঢাকা কম্যান্ড হাসপাতালে (এখানেই ভর্তি ছিল শিশুটি) যন্ত্রপাতি-সহ চিকিৎসককে দ্রুত পৌঁছে দিতে তাঁর যাতায়াতের সব রাস্তার সিগনালের আলো সবুজ করে রাখা হয়েছিল।








