ভোলায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তার
প্রচ্ছদ » Uncategorized » ভোলায় হরিণের মাংসসহ যুবক গ্রেপ্তারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভোলার মনপুরায় হরিণের মাংসসহ মো. কালু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ( ২৯ মে) দিনগত রাতে চরযতিন এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংসসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মো. কালু উপজেলার ঈশ্বরগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের গেদু সদ্দারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ সোমবার রাত দেড়টার দিকে চরযতিন ৪ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিসের উত্তর পাশে সদর রোড এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে হরিণের মাংসসহ মো. কালুকে গ্রেপ্তার করা হয়। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ মঙ্গলবার (৩০ মে) বিকেলে জানান, এই হরিণের মাংস বিক্রয়ের সঙ্গে আরও ৬ জন জড়িত রয়েছে।
গ্রেপ্তার কালুকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক কালুকে ভোলার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ৩০ মে২০২৩।








