যাত্রাবাড়ীতে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » যাত্রাবাড়ীতে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় একটি ভবনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দিবাগত রাত ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগ রাত ১২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মাহফুজ রিবেন জানান, ভবনে এখনও ধোঁয়া আছে। আমরা আগুনের সূত্রপাত জানার চেষ্টা করছি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির বলেন, উত্তর কুতুবখালীর বায়তুল মামুর জামে মসজিদের পাশের গলিতে একটি ভবনের নিচতলায় আগুন লাগে। এখানে টেলিভিশনের গোডাউন ছিল। ভবনের ৬ ও ৭ তলায় মাদরাসার শিক্ষার্থী থাকতো। কোনো হতাহতের সংবাদ পাইনি। তবে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়েছেন।
এর আগে, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।
এর দুইদিন পরই ৩০ মার্চ গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে।








