রপ্তানি ট্রফি পেলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান
প্রচ্ছদ » Uncategorized » রপ্তানি ট্রফি পেলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ৬৩ প্রতিষ্ঠান। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানি রয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে দেশের রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ ট্রফি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
জাতীয় রফতানি ট্রফি নীতিমালা অনুসারে তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার), সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিক্স, হোম স্পেশালাইজড ও টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কৃষিজাত পণ্য (তামাক বাদে), কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফুল ও ফলিয়েজ, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, হালকা প্রকৌশল পণ্য, অন্যান্য শিল্প পণ্য, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলভুক্ত (ইপিজেড) শতভাগ দেশি মালিকানার কারখানাসহ মোট ২৮টি শ্রেণিতে এই পদক দেয়া হবে।
টেক্সটাইল ফেব্রিকস খাতে স্বর্ণ পদক পেয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড আর রৌপ্য পদক পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। এছাড়া সিরামিক শ্রেণিতে স্বর্ণ পদক পেয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
অন্যান্য শিল্পজাত শ্রেণিতে বিএসআরএম স্টিলস লিমিটেড স্বর্ণ; ফার্মাসিউটিক্যালস শ্রেণিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্বর্ণ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্রোঞ্জ পদক লাভ করে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পণ্য রপ্তানি থেকে আয় বাড়াতে রপ্তানি বহুমুখীকরণে জোর দেওয়া হচ্ছে। এ জন্য তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, প্লাস্টিকের মতো কয়েকটি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রপ্তানিমুখী পণ্য রপ্তানিকারক ব্যবসায়ীদের জন্য আগামী আমদানি-রপ্তানি নীতিমালায় বিশেষ সুবিধা দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নীতিমালা তিন বছর পর পর হালনাগাদ করা হয়। আগামী নীতিমালায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যসচিব শুভাশীষ বোস, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।








