সিলেটে কৃষক হত্যায় ৮ জনের যাবজ্জীবন
প্রচ্ছদ » Breaking News || আজকের সংবাদ » সিলেটে কৃষক হত্যায় ৮ জনের যাবজ্জীবন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিলেটে কৃষক ফয়জুর রহমানকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলা থেকে খালাস পেয়েছেন এক নারী আসামি।
মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভুঁইয়া এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেট সদর উপজেলার জৈনকারকান্দি গ্রামের ইরশাদ আলী, তেরা মিয়া, বাবুল মিয়া, কামাল আহমদ, দুলাল আহমদ, নন্দিরগাঁওয়ের বিলাল মিয়া, পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের টেকারবাড়ি গ্রামের সমছু মিয়া ও ওসমানীনগরের আকবর আলী। তাদের মধ্যে বাবুল ও বিলাল পলাতক রয়েছেন। এছাড়া ফুলবানু নামের এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর রাতে পূর্ববিরোধের জের ধরে সিলেট সদর উপজেলার জৈনকারকান্দি গ্রামের কৃষক ফয়জুর রহমানকে হত্যা করে মরদেহ রশিতে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় তার স্ত্রী হাফসা বেগম বাদী হয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা করেন।
মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ১৩ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার তৎকালীন এসআই এনামুল হক চৌধুরী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র আমলে নিয়ে ২৬ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন বিচারক।








